নিজস্ব প্রতিবেদক | ৪ জুন ২০২৬
সব ধরনের গ্রাহকের জন্য বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণার একদিন পরই আবাসিক লাইফলাইন ও প্রথম ধাপের গ্রাহকদের জন্য বর্ধিত মূল্য প্রত্যাহার করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফলে ০-৫০ ইউনিট এবং ০-৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী আবাসিক গ্রাহকরা আগের নির্ধারিত মূল্যেই বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন।
বৃহস্পতিবার (৪ জুন) বিইআরসির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নতুন এ সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, সব বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানির আবাসিক গ্রাহকশ্রেণির অন্তর্ভুক্ত লাইফলাইন (০-৫০ ইউনিট) গ্রাহকদের জন্য প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ৪ টাকা ৬৩ পয়সা এবং আবাসিক প্রথম ধাপের (০-৭৫ ইউনিট) গ্রাহকদের জন্য প্রতি ইউনিট মূল্য ৫ টাকা ২৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। নতুন এ মূল্যহার জুন মাস থেকেই কার্যকর হবে।
এর আগে বুধবার (৩ জুন) বিইআরসি বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করেছিল। ওই ঘোষণায় লাইফলাইন গ্রাহকদের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৪ টাকা ৬৩ পয়সা থেকে বাড়িয়ে ৫ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়। একই সঙ্গে আবাসিক প্রথম ধাপের গ্রাহকদের ক্ষেত্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৫ টাকা ২৬ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ১৮ পয়সা করা হয়েছিল।
তবে সর্বশেষ সিদ্ধান্তে আবাসিক গ্রাহকদের নিম্নস্তরের এই দুই ধাপের বর্ধিত মূল্য প্রত্যাহার করা হয়েছে। ফলে লাইফলাইন (৫০ ইউনিট পর্যন্ত) এবং প্রথম ধাপের (৭৫ ইউনিট পর্যন্ত) গ্রাহকরা আগের মূল্যহার অনুযায়ী বিদ্যুৎ বিল পরিশোধ করবেন।

