ডেস্ক নিউজ
“ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে কুড়িগ্রামে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসন, কুড়িগ্রামের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক), কুড়িগ্রাম ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সুশাসন প্রতিষ্ঠা, সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করা হলে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা বাড়ে এবং অপতথ্য ও গুজব প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
বক্তারা আরও বলেন, ডিজিটাল যুগে তথ্যের অবাধ প্রবাহের পাশাপাশি সঠিক ও নির্ভরযোগ্য তথ্য নিশ্চিত করা জরুরি। এ জন্য তৃণমূল পর্যায়ে তথ্য অধিকার বিষয়ে জনসচেতনতা আরও বাড়াতে হবে। একই সঙ্গে তথ্য প্রদানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আন্তরিক, দায়িত্বশীল ও আইনানুগভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসনের কর্মকর্তাসহ সনাক, টিআইবি এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
