হামার কুড়িগ্রাম

অভাব যেন শিক্ষার পথে বাধা না হয়, অসহায় শিক্ষার্থী মারুফের পাশে কুড়িগ্রাম জেলা ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram

‘শিক্ষা হোক উন্মুক্ত, দূর হোক পথ চলার বাধা’—এই প্রত্যয়ে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের মা-হারা ও অসহায় শিক্ষার্থী এরশাদুল হক মারুফের পাশে দাঁড়িয়েছে কুড়িগ্রাম জেলা ছাত্রদল। তার পড়াশোনার পথে যাতায়াতের কষ্ট লাঘবে জেলা ছাত্রদলের পক্ষ থেকে তাকে একটি বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে।

ছাত্রদল নেতা সোহেল রানা শিক্ষার্থী এরশাদুল হক মারুফের হাতে বাইসাইকেলটি তুলে দেন। এ সময় জেলা ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়, অভাব যেন কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ করে দিতে না পারে—সেই লক্ষ্যেই মেধাবী ও অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলা ছাত্রদলের সেক্রেটারি সোহেল রানা জানান, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রাইভেট পড়তে যাতায়াতের ক্ষেত্রে মারুফকে দীর্ঘদিন ধরে নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছিল। তার এই কষ্ট কিছুটা হলেও লাঘব করতে বাইসাইকেলটি দেওয়া হয়েছে। তাদের মতে, এ ধরনের ক্ষুদ্র উদ্যোগ একজন শিক্ষার্থীর শিক্ষাজীবনকে আরও সহজ ও গতিশীল করতে ভূমিকা রাখতে পারে।

জেলা ছাত্রদলের পক্ষ থেকে আরও বলা হয়, সাধারণ ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বিভিন্ন সংকটে পাশে থাকার ধারাবাহিকতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এ সময় এরশাদুল হক মারুফের উজ্জ্বল ভবিষ্যৎ, সুন্দর জীবন ও সফল শিক্ষাজীবনের জন্য শুভকামনা জানানো হয়।

Exit mobile version